জাতীয়

প্রথমবারের মতো যে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

প্রথমবারের মতো যে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন প্রকাশ করে।

নতুন বেতন কাঠামোর অন্যতম বড় পরিবর্তন হলো, এবার প্রথমবারের মতো সব স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীকে মোবাইল ফোন ভাতার আওতায় আনা হয়েছে। পাশাপাশি চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাসহ কয়েকটি ভাতার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। তবে বাড়িভাড়ার ক্ষেত্রে উচ্চ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য আগের তুলনায় হার কমানোর বিধান রাখা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন নির্ধারিত বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই হার হবে ৫০ শতাংশ। এই অর্থ গত ৩০ জুনে আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়। এর পরই অর্থ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।

কোন গ্রেডে মূল বেতন কত

নতুন বেতন কাঠামোয় গ্রেড ১-এর মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেড ২-এ ১ লাখ ৩২ হাজার, গ্রেড ৩-এ ১ লাখ ১৩ হাজার এবং গ্রেড ৪-এ ১ লাখ টাকা।

গ্রেড ৫-এ মূল বেতন ৮৬ হাজার টাকা, গ্রেড ৬-এ ৭১ হাজার, গ্রেড ৭-এ ৫৮ হাজার এবং গ্রেড ৮-এ ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড ৯-এর মূল বেতন ৪৪ হাজার টাকা। গ্রেড ১০-এ ৩২ হাজার, গ্রেড ১১-এ ২৫ হাজার, গ্রেড ১২-এ ২৪ হাজার ৩০০ এবং গ্রেড ১৩-এ ২৪ হাজার টাকা।

এ ছাড়া গ্রেড ১৪-এ মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, গ্রেড ১৫-এ ২২ হাজার ৮০০, গ্রেড ১৬-এ ২১ হাজার ৯০০, গ্রেড ১৭-এ ২১ হাজার ৪০০, গ্রেড ১৮-এ ২১ হাজার, গ্রেড ১৯-এ ২০ হাজার ৫০০ এবং গ্রেড ২০-এ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মোবাইল ফোন ভাতাসহ আরও যেসব সুবিধা

নতুন বেতন কাঠামোয় মোবাইল ফোন ভাতার পাশাপাশি চিকিৎসা, যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতায় পরিবর্তন আনা হয়েছে। তবে এসব ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

বাড়িভাড়ার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামোয় মূল বেতনের ভিত্তিতে বাড়িভাড়ার হার নির্ধারণ করা হলেও উচ্চ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে আগের তুলনায় হার কমানোর বিধান রাখা হয়েছে।

বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। নতুন কাঠামোয় উচ্চ গ্রেডের কর্মীদের বেতন বৃদ্ধির হার আগের তুলনায় কমবে।

ফলে নতুন বেতন কাঠামোয় সরকারি কর্মীদের মূল বেতন বাড়লেও সব ভাতার পরিবর্তন একসঙ্গে কার্যকর হচ্ছে না। মূল বেতন ও নির্দিষ্ট কিছু সুবিধা ২০২৬ সাল থেকেই কার্যকর হলেও নতুন ভাতার বড় একটি অংশ কার্যকর হবে ২০২৮ সালের শুরুতে।