জাতীয়

বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় নতুন সমঝোতা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পিএম

বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতায় নতুন সমঝোতা
ছবি: সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চলমান দ্বাদশ সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামের আয়োজনে দুই দেশের মধ্যে এ সমঝোতা স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হচ্ছে এবারের আন্তর্জাতিক ইউনাইটেড কালচারস ফোরাম।

সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প ও সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ফোরামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতি মন্ত্রী ইউ টিন ও লুইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক যোগাযোগ এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়। সাক্ষাতে বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্য তুলে ধরেন নিতাই রায় চৌধুরী।

সাক্ষাৎকালে বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারার বিষয়গুলো তুলে ধরা হয়।

ফোরামের দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক একটি বিষয়ভিত্তিক অধিবেশনে মূল বক্তব্য দেওয়ার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের আন্তর্জাতিক সম্ভাবনা নিয়ে বক্তব্য দেবেন।

এদিকে, ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা রয়েছে। ফোরামটির এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ‘United Cultures, Common Values’। আন্তর্জাতিক সাংস্কৃতিক সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই সেন্ট পিটার্সবার্গে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুইজন যুগ্মসচিবও রয়েছেন। ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, লোকশিল্প, হস্তশিল্প ও বহুমাত্রিক সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।