জাতীয়
‘শেখ হাসিনাকে ঢুকতে দেয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই সময় ভারতে প্রবেশের অনুমতি দেওয়া ছাড়া দেশটির সামনে আর কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) বে অব বেঙ্গল সম্মেলনের একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করণীয় ছিল, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে পরিস্থিতি কী হতো, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন।
শেখ হাসিনার ভারতে পৌঁছানোর বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া, যা চলমান রয়েছে। পুরো বিষয়টি একটি সুসংগঠিত আইনগত কাঠামোর মধ্যে পরিচালিত হচ্ছে এবং এর সঙ্গে আদালত যুক্ত রয়েছে। তাই এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো সম্ভব নয়।
শিক্ষার্থীদের করা প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে একাধিকবার স্পষ্ট করেছে যে, বিষয়টি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে রয়েছে।
ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে নিজস্ব আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।