রাজনীতি
দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে পিছু হটল আওয়ামী লীগ
ভারতের রাজধানী দিল্লিতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও সাবেক মন্ত্রীরা। বিতর্কিত এই সম্মেলনের আয়োজক ছিল একটি অজানা সংগঠন, যার নাম “বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ” (BHRW)।
স্থানীয় সময় বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় এই আয়োজনের কথা থাকলেও, ঠিক সংবাদ সম্মেলনের আগে তা স্থগিত করা হয়।
ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশে তথাকথিত “গণহত্যা” ও গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ইস্যুতে মুখ খুলতে চেয়েছিলেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা। আয়োজক হিসেবে যিনি নাম দিয়েছেন, মোহাম্মদ আলী সিদ্দিকী—তিনি নিজেকে সংগঠনের “যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব” দাবি করলেও এর কোনো আন্তর্জাতিক বা স্থানীয় স্বীকৃতি বা কার্যক্রম সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।
সংবাদ সম্মেলনের ভেন্যুতে সাংবাদিকরা উপস্থিত হলেও, আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী একটি লিখিত বিবৃতি দিয়ে জানান, ঢাকায় সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির কারণে এই সম্মেলন স্থগিত করা হয়েছে। মর্মান্তিক ওই ঘটনায় ৩৫ জনের বেশি শিক্ষার্থী-শিক্ষক প্রাণ হারান এবং প্রায় ১৭০ জন আহত হন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েকদিনে আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা—যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল—দিল্লিতে অবস্থান করেছেন। তাদের মধ্যে কয়েকজনের এই সংবাদ সম্মেলনে থাকার কথা ছিল বলেও গুঞ্জন উঠেছে।
এদিকে, দিল্লি সফরে এই সংবাদ সম্মেলনের পরিকল্পনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে উদ্বেগ জানানো হয়েছিল বলে জানিয়েছে কূটনৈতিক মহল। কারণ, এক বছর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির প্রাক্কালে এমন একটি উদ্যোগ পার্শ্ববর্তী দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
ভারত সরকার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দিল্লিতে এমন একপাক্ষিক ও বিতর্কিত সম্মেলনের পেছনে রাজনৈতিক অভিসন্ধি ছিল, যা আপাতত আন্তর্জাতিক চাপ ও সমালোচনার মুখে বন্ধ রাখতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের সাবেক নেতারা।
ঘটনার পেছনের উদ্দেশ্য নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলেও, আপাতত স্থগিত করা হয়েছে এই বহুল আলোচিত সংবাদ সম্মেলন। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে। তবে সেটি আদৌ হবে কিনা, তা নিয়েও এখন সন্দেহ দেখা দিয়েছে।