রাজনীতি

ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ছদ্মবেশে নাশকতার পরিকল্পনা করছে আ.লীগ!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

ব্যাটারিচালিত অটোরিকশা চালকের ছদ্মবেশে নাশকতার পরিকল্পনা করছে আ.লীগ!
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং পয়েন্টকে ঘিরে রাজনৈতিকভাবে নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এসব চার্জিং স্টেশন ব্যবহার করে রিকশাচালকের ছদ্মবেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কিছু কর্মী গোপনে সংগঠিত হচ্ছেন এবং বৈঠক করে নাশকতার ছক কষছেন।

বিশেষ করে মহানগরের ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাঁঠালদিয়া, দেওড়া ও পরানমন্ডলের টেক এলাকায় সম্প্রতি একাধিক চার্জিং পয়েন্ট গড়ে উঠেছে। প্রতিটি পয়েন্টে গড়ে তিন থেকে চার শতাধিক অটোরিকশা রাখা হচ্ছে। এসব স্থানে নিয়মিত গোপন বৈঠকের খবর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

অভিযোগ রয়েছে, এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের চাচা মতিউর রহমান মতির ঘনিষ্ঠজন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম ভেন্ডার। তিনি ৫৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের একটি পদেও প্রার্থী হয়েছিলেন।

স্থানীয়দের মতে, মাত্র এক যুগেই বিপুল অবৈধ সম্পদের মালিক হওয়া এই নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় আইনের আওতার বাইরে রয়েছেন। সম্প্রতি কক্সবাজারে আওয়ামী লীগের কিছু কেন্দ্রীয় নেতার সঙ্গে তার গোপন বৈঠকের কথাও উঠে এসেছে, যেখানে নাশকতা পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

আরও অভিযোগ রয়েছে, রিকশার গ্যারেজ ও চার্জিং পয়েন্টগুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে তিনি গাজীপুর ও উত্তরা অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোকেও অর্থায়ন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

স্থানীয় নাগরিক সমাজ বলছে, সময়মতো ব্যবস্থা না নিলে এ ধরনের কার্যক্রম গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তারা দ্রুত রিকশা গ্যারেজ ও চার্জিং সেন্টারগুলোতে নজরদারি বাড়ানো এবং প্রতিটি চার্জিং পয়েন্টে নির্দিষ্টসংখ্যক রিকশার বেশি না রাখার নির্দেশনা জারির আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।