রাজনীতি
মাইলস্টোন ট্রাজেডি: তারেক রহমানের মানবিক পদক্ষেপে বিএনপির তৎপরতা
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী ও শিক্ষক হতাহতের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে তাৎক্ষণিকভাবে তিনি দলের সকল কর্মসূচি স্থগিত করে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিএনপিপন্থী চিকিৎসকদের নিয়ে একটি জরুরি মেডিকেল টিম গঠন করা হয়। এই কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পান বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকারী দল, যার নেতৃত্ব দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তারেক রহমানের নির্দেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যরা দ্রুত আহতদের চিকিৎসা, রক্তদান এবং সিম বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রমে অংশ নেন। উদ্ধার কাজে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।
বিমান দুর্ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে বিএনপি তার পূর্বনির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছে। সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত একটি আলোচনা সভাও সংক্ষিপ্ত করা হয়। সভার শুরুতেই নিহতদের স্মরণ করে শোক প্রকাশ করেন তারেক রহমান এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের নেতা তারেক রহমান যেমন শোকাহত, তেমনি সঙ্গে সঙ্গেই সবাইকে মানবিক সহায়তায় যুক্ত হতে নির্দেশ দিয়েছেন।”
সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।