রাজনীতি
সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেয়ার ঘোষণা দিলেন তারেক রহমান
আগামীতে সরকার গঠন করতে পারলে দেশের ৫০ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারী সমাজকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে বিএনপি মহিলা দল আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামনে যে সুযোগ এসেছে, তা কাজে লাগিয়ে একটি মানবিক, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করবো।”
সভায় বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে ৫০ লাখ নারীকে ‘ফ্যামিলি কার্ড’ সুবিধা প্রদান করা হবে বলে জানান তিনি। এ কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা নানা ধরনের সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক সহায়তা ও শিক্ষাগত সহায়তা পাবে বলেও ইঙ্গিত দেন।
তারেক রহমান বলেন, “আমরা এই ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামে নারীদের প্রাধান্য দেব। যাতে তারা সরাসরি উপকৃত হতে পারে এবং পরিবারে তাদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়।”
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, “তাদের আত্মত্যাগ জাতির কাছে আজীবনের ঋণ। সেই ঋণ শোধ করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান অনস্বীকার্য।”
নারীদের শিক্ষা ও স্বাবলম্বিতা নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়ে তারেক রহমান বলেন, “নারীদের শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাধীন করে তুলতে পারলে পারিবারিক সহিংসতা অনেকাংশে কমবে। দেশের বাস্তবতায় নারীরা এখনো অর্থনীতিতে পিছিয়ে—এটা কাটিয়ে উঠতে হবে।”
তিনি আরও জানান, বিএনপির পরবর্তী কর্মপরিকল্পনায় নারীর আশা, আকাঙ্ক্ষা ও প্রয়োজনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।