রাজনীতি

মানুষের পরিবর্তনের আশা পূরণে দায়িত্ব নিতে হবে বিএনপিকে : মির্জা ফখরুল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম

মানুষের পরিবর্তনের আশা পূরণে দায়িত্ব নিতে হবে বিএনপিকে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে মতভেদ থাকা স্বাভাবিক হলেও বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। নির্বাচনকে ঘিরে জনগণের মনে গভীর আশঙ্কা কাজ করছে। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা সম্ভব।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে একটি প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের ধারণা বিএনপিই প্রথম সামনে এনেছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, গণমাধ্যমকে স্বাধীন করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেন। অথচ আজকে কিছু রাজনৈতিক দল ও মহল বিএনপিকে সংস্কারবিরোধী প্রমাণ করার চেষ্টা করছে। বাস্তবে বাংলাদেশের বড় বড় সংস্কারমূলক পরিবর্তন এসেছে বিএনপির হাত ধরেই।

তিনি অভিযোগ করে বলেন, মিথ্যা প্রচারণার মাধ্যমে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। তবে বিএনপিকে খারাপ প্রমাণ করার মতো কোনো কাজই দলটি করেনি। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, কাউকেই বিএনপিকে খারাপ বলার সুযোগ দেওয়া হবে না।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশের সাধারণ মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই সেই পরিবর্তন আনার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন বিএনপির প্রধান দায়িত্ব।