রাজনীতি

শিগগিরই বিএনপি ইশতেহার উপস্থাপন করবে: শামসুজ্জামান দুদু


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

শিগগিরই বিএনপি ইশতেহার উপস্থাপন করবে: শামসুজ্জামান দুদু
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শিগগিরই দেশের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত দলীয় ইশতেহার সামনে উপস্থাপন করা হবে। তিনি এই কথা জানিয়েছেন সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে।

শামসুজ্জামান দুদু বলেন, “রবিবার আমরা একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয়তাবাদী দলকে বিপুল জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়া, তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করা এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় ইশতেহার জনগণের সামনে উপস্থাপন করা। এই প্রক্রিয়া খুব অল্প সময়ের মধ্যেই সম্পন্ন হবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের পক্ষে ধারাবাহিকভাবে ১৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। তার নেতৃত্বে দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দেশের মানুষ বিশ্বাস করে, বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবে এবং তারেক রহমান হবেন দেশের কর্ণধার। এই বিশ্বাস কেবল অনুভূতিতে সীমাবদ্ধ নয়, নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হবে। তাই আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে দেশের সবাইকে সুষ্ঠু, স্বাভাবিক ও গ্রহণযোগ্যভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানাই।”

দুদু বলেন, “আমরা বিশ্বাস করি, ঐক্যের মাধ্যমেই বাংলাদেশ রক্ষা পাবে, গণতন্ত্র ফিরে আসবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ করা সম্ভব হবে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের নারীর ক্ষমতায়ন ও শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তা সত্ত্বেও পতিত সরকারের সময়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন এবং গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন।”

দোয়া মাহফিলে শামসুজ্জামান দুদু বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি নূর আফরজ বেগমসহ অন্যান্যরা।