রাজনীতি

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি নেই: চরমোনাই পীর


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ পিএম

জামায়াতের মতো মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি নেই: চরমোনাই পীর
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি ও আদর্শ থাকে না। ইসলামী আন্দোলন ব্যক্তিগত স্বার্থ, এমপি বা মন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা থেকে রাজনীতি করে না; বরং আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম এবং মানুষের কল্যাণই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তাদের হাত ধরেই বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে, যার ফলশ্রুতিতে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগমপাড়া’। এসব দুর্নীতি ও লুটপাট দেশের মানুষকে আজ দিশেহারা করে তুলেছে।

জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, গত ৫ আগস্টের পর তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে স্পষ্ট হয়ে গেছে। জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী সংগঠন দুনিয়ায় দ্বিতীয়টি নেই। তারা ক্ষমতায় গেলে শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কোনো সুস্পষ্ট অঙ্গীকার তাদের নেই।

তিনি আরও বলেন, এই আদর্শগত দুর্বলতা ও অস্পষ্টতার কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে বেরিয়ে এসে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

চরমোনাই পীর বলেন, জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল ইসলামী আন্দোলন একা হয়ে পড়েছে। কিন্তু বাস্তবে দলটি এখন আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনসমর্থনে বলীয়ান হয়েছে। দেশের সাধারণ মানুষ হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী বিজয়ী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের উপদেষ্টা ও বরগুনা-১ আসনের প্রার্থী অলিউল্লাহ, বরগুনার ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক হাবিবুর রহমান মেজবাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।