রাজনীতি
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে সমকামিতা, ট্রান্সজেন্ডার এবং এলজিবিটিকিউ (LGBTQ) ইস্যুতে কড়া মন্তব্য করেছেন। রোববার (১৮ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “নারীদের অধিকার রক্ষায় যৌক্তিক যে কোনো দাবিতে আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে। কিন্তু সেই দাবির আড়ালে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমকামিতা, ট্রান্সজেন্ডার কিংবা এলজিবিটিকিউয়ের মতো জঘন্য ও ধ্বংসাত্মক কালচার প্রমোট করা হয়, তাহলে সেই অপচেষ্টায় আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে।”
তিনি আরও লেখেন, “পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র ধ্বংসের এই মরণব্যাধিগুলো যারা মানসিক বিকারগ্রস্তভাবে লালন ও প্রমোট করতে চায়, তাদের মানসিক চিকিৎসার ব্যবস্থা করা উচিত। তাদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া যায় না। এই প্রবণতা এমন এক ক্যান্সার, যা ধীরে ধীরে ঘর থেকে শুরু করে জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। সেই সুযোগ আমরা করে দিতে পারি না।”
পতিতাবৃত্তি নিয়েও স্ট্যাটাসে মন্তব্য করেন সারজিস আলম। তিনি লিখেছেন, “পতিতাবৃত্তির মতো মর্মান্তিক নির্যাতন কখনোই পেশা হতে পারে না। যারা বাধ্য হয়ে বা প্রতারণার ফাঁদে পড়ে এই পেশায় যুক্ত হয়েছেন, তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে এবং রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।”