রাজনীতি
হঠাৎ অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, স্থগিত গণসংযোগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ফজরের নামাজের পর গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতার কারণে শনিবার (২৪ জানুয়ারি) সারাদিনের নির্বাচনী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ শেষ করার পর নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন।
শামিল আবদুল্লাহ গণমাধ্যমে বলেন, ‘সকালে গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিভাবে অসুস্থ বোধ করেন। এই মুহূর্তের জন্য আজকের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলেই আবার কর্মসূচি শুরু করা হবে, ইনশাআল্লাহ। পরবর্তী কর্মসূচির সময় ও স্থান ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত নয়াপল্টন, পলওয়েল মার্কেট ও পিডব্লিউ কলোনিতে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ মিনিটে লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ এবং পরে মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে এসব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।