রাজনীতি

পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম

পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে আজ (বুধবার, ২৯ জুলাই) সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জে দলের শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার সারাদেশে দলীয়ভাবে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপি জানিয়েছে, দলের সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক ও এনসিপির নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।