রাজনীতি

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

বিএনপি আমার সঙ্গে মুনাফেকি করেছে: জুনায়েদ আল হাবিব
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। দলটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে তিনি বলেছেন, বিএনপি তার সঙ্গে মুনাফেকি করেছে।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনি পরিস্থিতি তুলে ধরে জুনায়েদ আল হাবিব দাবি করেন, সরাইল ও আশুগঞ্জ নিয়ে গঠিত এই আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি। পাশাপাশি এলাকায় ইসলামপন্থি দলগুলোরও উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

তার অভিযোগ, নির্বাচনে বিএনপির একটি অংশ প্রকাশ্যে ও গোপনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কাজ করেছে। অন্য একটি অংশ দায়িত্ব পালনে আন্তরিকতা দেখায়নি। ফলে কাঙ্ক্ষিত নির্বাচনি ফল অর্জন সম্ভব হয়নি।

জুনায়েদ আল হাবিবের দাবি, আসনটির আওয়ামী লীগ ঘরানার প্রায় ৩০ শতাংশ নেতাকর্মীকে ঢাকায় নিয়ে গিয়ে বিভিন্ন আশ্বাসের মাধ্যমে নিজের পক্ষে নিয়েছেন রুমিন ফারহানা।

এ ছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে রঙিন বিলবোর্ড স্থাপন, জীবন্ত হাঁস নিয়ে মিছিল এবং প্রশাসনের সহায়তায় নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি। তার দাবি, যেসব কেন্দ্রে তার বিজয় নিশ্চিত ছিল, সেসব কেন্দ্র থেকে ভোটের দিন এজেন্টদের বের করে দেওয়া হয়।

জমিয়তের এই নেতা বলেন, ইসলাম ও দেশের স্বার্থে আলেম সমাজ বিএনপির নেতৃত্বাধীন জোটে যুক্ত হয়ে কাজ করেছে। দেশের বিভিন্ন আসনে আলেম ওলামাদের সমর্থনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অথচ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করলে জমিয়তের প্রার্থীও বিজয়ী হতে পারতেন।

ইসলামি দলগুলোর রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে তিনি জানান, হেফাজতে ইসলাম ও বিভিন্ন ইসলামি দলের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি সমন্বয় কমিটি কাজ করছে।

এই বৃহত্তর ইসলামি প্ল্যাটফর্ম যদি সিদ্ধান্ত নেয় যে কোনো একক রাজনৈতিক দলের জোটে থাকা যাবে না, তাহলে সেই সিদ্ধান্ত মেনে বিএনপির জোট ছাড়তেও জমিয়ত প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।