রাজনীতি
গণঅধিকার পরিষদের মিছিলে হামলা: জিএম কাদেরসহ ১৮ জনকে আসামি করে মামলা
রাজধানীতে গণঅধিকার পরিষদের মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে এই মামলা করা হয়।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট মাঝি।
মামলায় জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ আরও ১৮ জনকে আসামি করা হয়েছে। একইসঙ্গে মামলায় অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। পরবর্তীতে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং দীর্ঘ ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর ১৫ সেপ্টেম্বর তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
সংঘর্ষে নুর ছাড়াও আরও কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।