রাজনীতি
ভোট চুরি হতে পারে, ফলাফল না নিয়ে ফিরবেন না: ডা. শফিকুর রহমান
ভোট প্রদান শেষে সম্ভাব্য অনিয়মের আশঙ্কা উল্লেখ করে ভোটারদের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে জোটভুক্ত দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ভোট দেওয়ার পরও ভোট চুরির শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই ভোটারদের প্রতি তার আহ্বান, ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত যেন কেউ ভোটকেন্দ্র ত্যাগ না করেন।
গণভোটের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হ্যাঁ’ ভোটের বিজয় দেশের জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে। তার মতে, এতে বাংলাদেশ উপকৃত হবে এবং ‘জুলাই বাস্তবায়ন’ সম্ভব হবে। পাশাপাশি আবরারসহ আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, ১১ দলীয় জোট দীর্ঘদিন ধরেই সংস্কার ও পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা গেলে বর্তমান পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
তরুণ প্রজন্ম প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তরুণরা দয়া নয়, কাজের সুযোগ চায় এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশীদার হতে আগ্রহী। সে লক্ষ্যে ভবিষ্যতে তরুণদের নেতৃত্বে এগিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও তুলে ধরেন তিনি।
২০০৮ সালের পর দেশে প্রকৃত গণরায়ের প্রতিফলন ঘটেনি—এমন দাবি করে তিনি বলেন, এবারের নির্বাচন ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামের ভোটারদের অংশগ্রহণে আগ্রহের কথা উল্লেখ করেন তিনি। তার আশা, গণরায় যথাযথভাবে প্রতিফলিত হলে দেশ নতুন রাজনৈতিক ধারায় এগোবে।