রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৩০ এএম

গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সংসদ চলতে পারে না: মামুনুল হক
ছবিঃ সংগৃহীত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখা। 

গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের সাহিদ গার্ডেনে আয়োজিত এ সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোটের দাবি এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

সমাবেশ শুরুর আগে তিনি গণমাধ্যমকে বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া এই সংসদ চলতে পারে না। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমরা তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই রায় বাস্তবায়ন করাতে বাধ্য হব।’

পরে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো টালবাহানা সহ্য করা হবে না। জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।’

মামুনুল হক আরও বলেন, ‘বাংলাদেশ কোনো দেশের প্রেসক্রিপশনে পরিচালিত হতে পারে না। দেশের জনগণ কোনো ধরনের বিদেশি আধিপত্য মেনে নেবে না।’

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শারাফাত হুসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী এবং বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আরিফুজ্জামান আরিফ, ঝিনাইদহ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান এবং চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লালসহ সংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।