রাজনীতি

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম
ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা এবং স্থানীয় পুলিশ-প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

আজ রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান আমির হামজা।

সংবাদ সম্মেলনে আমির হামজা অভিযোগ করেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। তার দাবি, গণঅধিকার পরিষদের চিহ্নিত ব্যক্তিরা হামলায় জড়িত ছিলেন এবং ভিডিও ফুটেজে তাদের শনাক্ত করা সম্ভব।

তিনি বলেন, তার গাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়ি এবং ১৫ থেকে ১৬ জন পুলিশ সদস্য থাকার পরও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্থানীয় প্রশাসনকে ব্যর্থ বলেও মন্তব্য করেন।

হামলার ঘটনায় তিন দফা দাবি তুলে ধরেন আমির হামজা। দাবিগুলো হলো—

১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার;

২. সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা;

৩. পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত হয়ে হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।

তিনি আরও বলেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে কুষ্টিয়ার শান্তিকামী মানুষ রাজপথে কঠোর জবাব দেবে। তবে একই সঙ্গে তিনি সর্বস্তরের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকও দাবি করেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং ভিডিও ফুটেজে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের দেখা গেছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার পর জামায়াত ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।