রাজনীতি

‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

‘ড্রপ আউট সরোয়ার তুষার’ আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে: রাশেদ খাঁন
ছবিঃ সংগৃহীত

‘ড্রপ আউট সরোয়ার তুষার’ তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে অনার্স শেষ করতে না পারা সরোয়ার তুষার তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কেন সরোয়ার তুষার পড়াশোনা শেষ করতে পারেননি, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।

রাশেদ খাঁন লেখেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি থেকে বিবিএ পড়েছেন। এমবিএর ফাইনাল সেমিস্টারে থাকাকালে তার সামনে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া অথবা পড়াশোনায় ফিরে যাওয়ার সুযোগ ছিল। তিনি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পথ বেছে নেন এবং পরবর্তীতে রাজনীতিতে মনোযোগ দেন বলে জানান।

তিনি আরও প্রশ্ন তোলেন, কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরও সরোয়ার তুষার কেন চাকরির পরীক্ষায় অংশ নেননি। এ সময় তিনি সরোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করেন।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, সরোয়ার তুষার চাইলে আবারও অনার্স পড়াশোনা শুরু করতে পারেন এবং তিনি তার পড়াশোনার ব্যবস্থা করে দেবেন। পাশাপাশি তিনি সরোয়ার তুষারকে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।

রাশেদ খাঁনের ওই পোস্টে সরোয়ার তুষারের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কড়া মন্তব্য করা হয়। তিনি অভিযোগ করেন, সরোয়ার তুষারদের মতো ব্যক্তির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সদস্যদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে।