রাজনীতি
রুমিন ফারহানা গালি দিলেন, নাকি দোয়া—কিছুই বুঝলাম না: জামায়াত আমির
সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘উনি কি গালি দিলেন, না দোয়া দিলেন—কিছুই বুঝলাম না।’
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘উনি কি বললেন, আমরা তো একেবারেই বুঝতে পারলাম না। উনি কি গালি দিলেন, না দোয়া দিলেন—কিছুই বুঝলাম না।’
বিরোধীদলীয় নেতা বলেন, একজন সংসদ সদস্য তার বক্তব্য উপস্থাপনের জন্য দাঁড়িয়েছেন এবং স্পিকার তাকে কথা বলার সুযোগ দিয়েছেন। তার বক্তব্যের সবকিছু সঙ্গত নাও হতে পারে, আবার গুরুত্বপূর্ণ বিষয়ও থাকতে পারে। কিন্তু তার বক্তব্য ঠিকমতো শোনা না গেলে বিষয়গুলো বোঝা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সংসদ সদস্যের বক্তব্য শোনার যেমন দায়িত্ব রয়েছে, তেমনি নিজের বক্তব্য তুলে ধরার অধিকারও রয়েছে তার। রুমিন ফারহানা যদি কোনো আনপার্লামেন্টারি (সংসদীয় রীতিবহির্ভূত) বক্তব্য দিয়ে থাকেন, তাহলে স্পিকারের পক্ষ থেকে সে বিষয়ে রুলিং দেওয়া যেতে পারে।
এ ছাড়া তার বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট মন্ত্রীও তা দিতে পারেন বলে মন্তব্য করেন জামায়াত আমির।
উল্লেখ্য, জাতীয় সংসদের অধিবেশনে একটি বিলের ওপর আলোচনা চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বিদ্যুৎ, জ্বালানি ও কৃষি খাতের বিভিন্ন সংকট এবং ছয় লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণের প্রসঙ্গ তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তাঁর সমালোচনামূলক বক্তব্যের একপর্যায়ে সরকারি দলের সদস্যরা তীব্র প্রতিবাদ শুরু করলে সংসদকক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা দাবি করেন, বর্তমান সংসদে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে চরম অসহিষ্ণুতা দেখানো হচ্ছে। এ সময় শোরগোলের কারণে তাঁর বক্তব্য অস্পষ্ট হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকারকে একাধিকবার হস্তক্ষেপ করতে হয়।