রাজনীতি

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম, আজ বিক্ষোভ সমাবেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম

হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম, আজ বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে সংগঠনটি ঘোষণা করেছে, দাবি আদায়ে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি বলেন, ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি হলে এর সম্পূর্ণ দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থারও দাবি জানান তিনি। তার মতে, এই সংকটময় সময়ে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।

সিসিটিভি ফুটেজ সংগ্রহ নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাবের বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। বারবার ফুটেজ চাওয়ার পরিবর্তে যারা গুলি চালিয়েছে, তাদের ২৪ ঘণ্টার মধ্যে আটক করতে হবে।

তিনি আরও বলেন, শনিবার সকাল ১০টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সরকারের বক্তব্য ও আশ্বাসের কোনো মূল্য থাকবে না। হামলার ঘটনাকে রাষ্ট্রীয় ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, যারা একজন নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে—এ প্রশ্ন এখন জনগণের।

কর্মসূচির ঘোষণা দিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জানান, শনিবার দুপুর ১২টায় শাহবাগে গণপ্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশবাসীর কাছে আহত হাদির সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

এ সময় উসকানি ও বিভ্রান্তি থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, কোনো ব্যক্তি যেন নিজ উদ্যোগে সিদ্ধান্ত না নেন। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে পরবর্তী কর্মসূচি ও সিদ্ধান্ত জানানো হবে।