সারাদেশ
বরিশালে গৃহবধূকে গণধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড
বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাসেল গাজী (৪৪), খোকন খান (৩২), রাজিব জমাদ্দার (৩৪) ও জাহিদ হাওলাদার (৩৫)।
মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৯ নভেম্বর বিকেলে রাসেল গাজী প্রতিবেশী গৃহবধূর বাসায় প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালান। ব্যর্থ হলে পরদিন (১০ নভেম্বর) তার সহযোগী রোকন খান, রাজিব জমাদ্দার ও জাহিদ হাওলাদারকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে অপহরণ করেন। তারা তাকে অটোরিকশায় বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকায় নিয়ে যান, সেখানে হাত-পা ও মুখ বেঁধে রাতভর পালাক্রমে ধর্ষণ চালানো হয়। পরের সকালে তাকে উলঙ্গ অবস্থায় ফেলে পালিয়ে যান আসামিরা।
স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে, তবে কিছু ব্যক্তি তাকে অপমান ও মারধর করেন। আহত অবস্থায় তিনি বাড়ি ফিরে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্তের দায়িত্ব পালন করেন তৎকালীন ওসি (তদন্ত) মো. আতাউর রহমান। ২০১৭ সালের ২৩ মে চার আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
সাত বছর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। পেশকার অজিবর রহমান জানান, রায় ঘোষণার সময় রোকন খান ছাড়া বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়। রোকন খান জামিনে মুক্তি পাওয়ার পর আত্মগোপন করেন। মামলায় আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছিল।
রায়ের পর ভিকটিম ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং বিচারকের কাছে ন্যায়বিচারের জন্য কৃতজ্ঞতা জানান। স্থানীয় আইনজীবী ও মানবাধিকার কর্মীরা এই রায়কে বরিশালে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইনগত দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।