সারাদেশ

নুরের আসনে স্বতন্ত্র লড়বেন বিএনপির কেন্দ্রীয় নেতা, ছাড়লেন দলীয় পদ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

নুরের আসনে স্বতন্ত্র লড়বেন বিএনপির কেন্দ্রীয় নেতা, ছাড়লেন দলীয় পদ
ছবি: সংগৃহীত

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি দশমিনা উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির জোটসঙ্গী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের এই অবস্থানের পরই আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন হাসান মামুন।

hasan_mamun_Dhakaprokash.jpg
হাসান মামুন। ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম করতে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যপদ ও প্রাথমিক সদস্যপদ—দুটিই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে পটুয়াখালী–৩ আসনে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। তবে দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের শরিক দলকে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তিনি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারেননি বলে জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান মামুন বলেন, এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে তার বিরুদ্ধে কোনো বহিষ্কারাদেশ দেওয়া হয়নি। তবে তিনি তার অবস্থানে অটল থাকবেন বলেও জানান। ভবিষ্যতে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত এলে তা মেনে নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

জোট রাজনীতিকে কেন্দ্র করে বিএনপির ভেতরে এ ধরনের অসন্তোষ অন্য আসনগুলোতেও দেখা যাচ্ছে। এর আগে ঝিনাইদহ–৪ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন। ওই আসনেও বিএনপির সাবেক প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন, ফলে সেখানে ভোটের লড়াই আরও জটিল হয়ে উঠেছে।