সারাদেশ
পটুয়াখালীতে নুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশ সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী-৩ আসনে বিএনপি এবার নিজস্ব প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে সমর্থন দেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একাংশ এই সিদ্ধান্ত বাস্তবায়নে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। অভিযোগ রয়েছে, তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে মাঠে কাজ করেছেন।
এই প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত কার্যকর করতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় দলটি। একই সঙ্গে দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট নেতাকর্মীদের।
এর আগে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গলাচিপা ও দশমিনার স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে ভিপি নুরুল হক নুরের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন বলেন, গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের কাগজপত্র তারা পেয়েছেন। তবে এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।