সারাদেশ

স্কুলে শিক্ষার্থীরা ও ক্লাসে শিক্ষকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৩২ পিএম

স্কুলে শিক্ষার্থীরা ও ক্লাসে শিক্ষকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি

চাঁদপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য কড়াকড়ি আরোপ করেছে জেলা প্রশাসন। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল ফোন আনতে পারবে না এবং শিক্ষকরাও মোবাইল ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবেন না।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন শুক্রবার (২৯ আগস্ট) এক অফিসিয়াল চিঠির মাধ্যমে ১৩ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে নির্দেশ পাঠান।

এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার পর জেলার শিক্ষা ব্যবস্থার নানা দুর্বলতা চিহ্নিত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কর্মশালায় যেসব সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে শিক্ষকেরা ক্লাস শুরুর অন্তত ১৫ মিনিট আগে স্কুলে উপস্থিত থাকবেন, শিক্ষার্থী তিন দিন অনুপস্থিত থাকলে তার বাড়িতে গিয়ে খোঁজ নিতে হবে, শ্রেণিকক্ষে গুণগত পাঠদানে জোর দিতে হবে, এবং প্রাইভেট পড়ানো বা কোচিং বাণিজ্য পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

প্রতিটি স্কুলে মাসে অন্তত দুবার ক্লাস টেস্ট নিতে হবে, নিয়মিত হোমওয়ার্ক দিতে হবে ও তা জমা নেওয়া নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভিভাবকদের প্রতি উৎসাহ দেওয়া হচ্ছে যেন তারা সন্তানদের জন্য বাড়ি থেকে হালকা খাবার দিয়ে পাঠান। টিফিন বিরতির পর উপস্থিতি নেওয়া ও অনুপস্থিতির বিষয়টি তাৎক্ষণিকভাবে অভিভাবককে জানানো বাধ্যতামূলক করা হয়েছে।

জেলা প্রশাসক বলেন, “শুধু নিয়ম করলেই হবে না, এর বাস্তব প্রয়োগে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধ জরুরি। প্রথমত আমাদের শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”