সারাদেশ
ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
ফেনীতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্যামলী পরিবহনের সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) এবং বাসের হেলপার মো. রফিক (৬০)। রবিউল ইসলামের বাড়ি পাবনার সাতিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে, তিনি ওয়াজেদ আলীর ছেলে। আর নিহত হেলপার রফিক যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের মৃত আব্দুল আলী মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাফেজিয়া এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ দাঁড়িয়ে যায়। এসময় দ্রুতগামী বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার নিহত হন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার রফিককেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় আহত যাত্রীদের অনেকে জানান, ট্রাকটি কোনো সংকেত ছাড়াই হঠাৎ থেমে যায়। এর ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি আরও বলেন, ট্রাকের চালককে আটক করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।