সারাদেশ

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ১০:০০ পিএম

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে পুকুরে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর পারুয়া গ্রামের একটি পুকুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন শিশু হলো—স্থানীয় বাসিন্দা মো. রাজুর মেয়ে সুমাইয়া আক্তার (৫), মো. কালুর মেয়ে হাবিবা আক্তার (৬) এবং মো. নাসেরের মেয়ে জান্নাত আক্তার (৫)। তিনজনই একে অপরের প্রতিবেশী এবং ঘনিষ্ঠ খেলার সাথী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তারা বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর খেলার একপর্যায়ে শিশুরা বাড়ির পাশের একটি পুকুরের ধারে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজ শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তিন শিশুকে দেখতে পান স্থানীয়রা। দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে—চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। শিশুদের পরিবারের আহাজারিতে চারদিক ভারী হয়ে ওঠে।

পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন বলেন, “একই গ্রামের তিন নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। পুরো গ্রাম এখন শোকে স্তব্ধ।”