সারাদেশ

‘উঠে দাঁড়াল’ কেটে ফেলা গাছ , আগরবাতি-মোমবাতি জ্বালিয়ে মানত করছেন অনেকে


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১১:২৮ এএম

‘উঠে দাঁড়াল’ কেটে ফেলা গাছ , আগরবাতি-মোমবাতি জ্বালিয়ে মানত করছেন অনেকে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়া একটি গাছকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। স্থানীয়দের দাবি, গাছটি কেটে ফেলার সময় হঠাৎ করেই আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এ ঘটনাকে ঘিরে প্রতিদিন শত শত মানুষের ভিড় জমছে সেখানে।

উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের একটি বাড়িতে থাকা গাছটিকে দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ আসছেন। বর্তমানে ডালপালাবিহীন গাছটির একটি অংশ সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে। গাছের নিচের অংশ কাটা এবং সেখানে লাল কাপড় বাঁধা হয়েছে। চারপাশেও চিহ্ন টানিয়ে রাখা হয়েছে।

স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন। তাদের দাবি, সৃষ্টিকর্তার বিশেষ ইচ্ছাতেই এমন ঘটনা ঘটেছে। এ কারণে কেউ কেউ গাছটির কাছে মানত করছেন, আবার আগরবাতি ও মোমবাতি জ্বালিয়েও প্রার্থনা করছেন। অনেককে গাছের শিকড় ও বাকল সংগ্রহ করতেও দেখা গেছে।

বাড়ির সদস্য শারমীন সুলতানা জানান, প্রায় দেড় মাস আগে প্রবল ঝড়ে গাছটি মাটিতে উপড়ে পড়ে যায়। পরে সেটি খণ্ড খণ্ড করে কাটার সময় হঠাৎ গাছের একটি অংশ সোজা হয়ে দাঁড়িয়ে যেতে দেখেন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাটি দেখেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী বলেন, ঝড়ে পড়ে যাওয়ার পর গাছটি বিক্রি করা হয়েছিল। কাটার সময় আবার দাঁড়িয়ে যাওয়ার ঘটনাকে তিনি মহান আল্লাহর কুদরত হিসেবে দেখছেন।

গাছের মালিক মাহবুব মুন্সী জানান, কীভাবে এমন ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। তবে প্রতিদিন অসংখ্য মানুষ গাছটি দেখতে আসছেন। অনেকেই মানত করছেন এবং গাছের শিকড় সংগ্রহ করছেন। তাদের বিশ্বাস, এতে বিভিন্ন রোগব্যাধি থেকে উপকার পাওয়া যেতে পারে।

তবে গাছ কাটার কাজে যুক্ত কাঠুরিয়া মোহাম্মদ আমিন মিয়ার মতে, ঘটনাটির পেছনে অতিপ্রাকৃত কোনো বিষয় নেই। তিনি বলেন, ঝড়ে গাছটি শিকড়সহ উপড়ে পড়েছিল। ডালপালা কেটে ফেলার পর ভারসাম্যের কারণে সেটি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। গোড়ার কয়েক ইঞ্চি অংশ কেটে দিলে গাছটি আবার পড়ে যাবে বলেও দাবি করেন তিনি।