সারাদেশ

যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সোনাগাজীর হাবিবুর রহমান


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হলেন সোনাগাজীর হাবিবুর রহমান
হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার কৃতি সন্তান ও জুলাইযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তাঁর এ মনোনয়নে সোনাগাজী উপজেলা ও ফেনী জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।

হাবিবুর রহমান ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিভিন্ন সময়ে ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য, সহ-অর্থবিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-স্কুলবিষয়ক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

এদিকে তাঁকে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

সোনাগাজী উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত হয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিজের প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান বলেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। তিনি দলের আদর্শ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাবেন বলে জানান।

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও জনমুখী যুবদল গড়ে তোলাই তাঁর লক্ষ্য। পাশাপাশি তিনি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

হাবিবুর রহমান উল্লেখ করেন, ফেনী জেলা ও সোনাগাজীবাসীর ভালোবাসা ও সমর্থনই তাঁর অনুপ্রেরণা। তিনি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করে যেতে চান।