সারাদেশ
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস: ৫ শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২০
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে একটি মক্তবের ওপর পাহাড়ধসে পাঁচ শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন এবং আরও অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (৮ জুলাই) দুপুরে টানা ভারী বৃষ্টির মধ্যে ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা পাঁচ শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের মক্তবের ওপর ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে ৩০ জনের বেশি শিশু শিক্ষার্থী পাঠ গ্রহণ করছিল।
ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। ধ্বংসস্তূপ সরিয়ে আহত ও আটকে পড়াদের উদ্ধারের কাজ চলছে।
এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড়ধস পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল এবং বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ৯টি উপজেলার অন্তত ৩৩টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
এ ছাড়া পৃথক পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে সহস্রাধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন।