সারাদেশ
বিপৎসীমার কাছে পানি, খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বিপজ্জনক পর্যায়ে বেড়ে যাওয়ায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট তৃতীয়বারের মতো খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়।
কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট এমএসএল। লেকের পানি বাড়তে থাকায় রাঙামাটির বিভিন্ন এলাকায় বাড়িঘর প্লাবিত হচ্ছে। এ পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাঁধের জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, লেকের পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো আবার বন্ধ করে দেওয়া হবে।
এর আগে ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন
এর আগে গত ২৯ আগস্ট লেকের পানির উচ্চতা ১০৬ দশমিক ০১ ফুটে পৌঁছালে স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। তখন প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়।
পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে জলকপাটগুলো পর্যায়ক্রমে ৩ ফুট পর্যন্ত খোলা হয়। এতে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হয়। পরে লেকের পানি কমে গেলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়।
তবে সাম্প্রতিক বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে লেকের পানির উচ্চতা আবারও বাড়তে থাকায় শুক্রবার সকালে জলকপাটগুলো পুনরায় খোলা হয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৫ দশমিক ৫১ ফুট। পরিস্থিতি বিবেচনায় ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। পানির উচ্চতা ১০৫ ফুটে নেমে এলে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, কাপ্তাই লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সম্ভাব্য বন্যা ও অন্যান্য দুর্যোগের ঝুঁকি এড়াতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে পানি নিষ্কাশন করা হচ্ছে।