সারাদেশ
ডেঙ্গুতে প্রাণ গেল অন্তঃসত্ত্বা শিক্ষিকার, বাঁচল না গর্ভের সন্তানও
চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা অর্পিতা দাশের বয়স ছিল ২৬ বছর। আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রথম সন্তান জন্ম দেওয়ার কথা ছিল তার। নতুন অতিথিকে ঘিরে পরিবারের আনন্দ আর অপেক্ষা থাকলেও ডেঙ্গু সেই স্বপ্নকে কেড়ে নিয়েছে। মায়ের সঙ্গে গর্ভে থাকা সন্তানটিরও মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অর্পিতা দাশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, অর্পিতা ছিলেন চট্টগ্রাম কাস্টমসের কর্মী মিঠুন চৌধুরীর স্ত্রী। এটি ছিল তাদের প্রথম সন্তান। গত ৬ সেপ্টেম্বর তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, গুরুতর শারীরিক অবস্থার কারণে অর্পিতাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন। মায়ের মৃত্যুর কারণে গর্ভে থাকা সন্তানটিও মারা যায়।
এদিকে শনিবার প্রকাশিত চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, অর্পিতা দাশের মৃত্যুর ডেথ রিভিউ প্রতিবেদন পাওয়ার পর সেটি সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন আরও ১০ জন।