সারাদেশ
নিখোঁজের তিন দিন পর ভারত সীমান্তে বাংলাদেশি কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশ থেকে শাকিল (১৪) নামে এক বাংলাদেশি কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিখোঁজ হওয়ার তিন দিন পর সীমান্ত এলাকায় তার মরদেহ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের লঙ্কামুড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা সানমুড়া সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তারা মরদেহটি নিজেদের হেফাজতে নেন।
নিহত শাকিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর পূর্বপাড়া গ্রামের মালু মিয়ার ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, শাকিল কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, সীমান্তের ২০২২-৯এস পিলারের কাছে কাঁটাতারের পাশে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে বিজিবি ও আখাউড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ শুরু হয়।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কিশোরের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) যেকোনো সময় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের সম্ভাবনা রয়েছে।
তবে শাকিলের মরদেহ কীভাবে সীমান্তের ওই এলাকায় পৌঁছেছে, তিনি কীভাবে মারা গেছেন এবং মৃত্যুর পেছনে কোনো কারণ বা ঘটনা রয়েছে কি না-এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত ও মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।