সারাদেশ

সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ভিডিও ভাইরাল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:২০ এএম

সিনেমাটিক স্টাইলে ছদ্মবেশে মাহফিলে অংশ নিলেন তাহেরী, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

প্রশাসনের মৌখিক নিষেধের মধ্যেই ছদ্মবেশ ধারণ করে গভীর রাতে মাহফিলে উপস্থিত হয়েছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তার এমন ব্যতিক্রমী উপস্থিতি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

সোমবার ২ নভেম্বর রাত ১১টায় নাসিরনগরের ইসাপুর সৈয়দ মঞ্জিল দরবার শরিফে পূর্বনির্ধারিত মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কয়েকজন কওমিপন্থী আলেমের আপত্তির পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে তাকে মাহফিলে না আসার পরামর্শ দেওয়া হয় বলে জানা গেছে।

এরপর রাত আড়াইটার দিকে মুখে কাপড় ও মাথায় সবুজ পাগড়ি জড়িয়ে মোটরসাইকেলের পেছনে চড়ে মাহফিলে উপস্থিত হন তাহেরী। এ সময় তার সঙ্গে মোটরসাইকেলের একটি বহরও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ছদ্মবেশে মোটরসাইকেলে করে মাহফিলের উদ্দেশে যেতে দেখা যায় তাকে।

পরে ওই মাহফিলে ওয়াজ করেন তাহেরী। সংশ্লিষ্ট এলাকায় এটি ছিল তার দ্বিতীয় ওয়াজ। মাহফিল শেষে বিভিন্ন সড়ক ব্যবহার করে স্থান ত্যাগ করেন তিনি। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুরো ঘটনার ভিডিও প্রকাশ করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম বলেন, কয়েকজন কওমিপন্থী আলেম মৌখিকভাবে মাহফিল বন্ধের বিষয়ে পুলিশকে জানিয়েছিলেন। সম্ভাব্য গোলযোগ এড়াতে তাহেরীকে আসতে নিষেধ করা হয়েছিল। পরে তারা জানতে পারেন, তিনি এসে মাহফিল করেছেন। সারারাত এসব বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। তবে মাহফিল আয়োজনে পুলিশের কোনো বাধা নেই।

এ বিষয়ে প্রেসক্লাব নেতা ফরাশ উদ্দিন বলেন, একজন বক্তা মাহফিল করবেন, এতে বাধা থাকার কথা নয়। কারও দ্বিমত থাকলে মুক্ত আলোচনার মাধ্যমে উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে তা নিরসন করা যেতে পারে। সংঘাত বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা ইসলামের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। আলোচনার মাধ্যমেই মতবিরোধের সমাধান হওয়া উচিত।

অন্যদিকে, মাহফিলের আয়োজকেরা বলেন, মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না। সত্য, ন্যায় ও নবীপ্রেমের বার্তা প্রচারে বাধা দেওয়া উচিত নয়। বিরোধিতার পরিবর্তে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করার আহ্বান জানান তারা।

এদিকে, ছদ্মবেশে তাহেরীর মাহফিলে যোগ দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে।