সারাদেশ

বগুড়ায় ৭০০ পিস ইয়াবাসহ গোবিন্দগঞ্জের এনসিপির সদস্য সচিব নিতাই আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম

বগুড়ায় ৭০০ পিস ইয়াবাসহ গোবিন্দগঞ্জের এনসিপির সদস্য সচিব নিতাই আটক
ছবি: সংগৃহীত

বগুড়ায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া দুজনের মধ্যে রয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব নিতাই চন্দ্র বর্মন। তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গত রোববার ১ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলির বনানী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই কুঠিপাড়া গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (৩৪)। অপরজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া শিববাড়ি এলাকার মতিলাল চন্দ্র বর্মনের ছেলে নিতাই চন্দ্র বর্মন (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বনানী এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় ঢাকা থেকে বগুড়াগামী ঢাকা মেট্রো-ব-১৩-২৭০১ নম্বরের একটি হানিফ পরিবহনের বাস চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বাসের ডি-১ নম্বর আসনে থাকা সবুজ মিয়ার দেহ তল্লাশি করে তার প্যান্টের সামনের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই বাসের ডি-২ নম্বর আসনে থাকা নিতাই চন্দ্র বর্মনের পরিহিত নীল রঙের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে দুজনকেই গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে বাসে করে তা পরিবহন করছিলেন তারা।

এদিকে, গোবিন্দগঞ্জ পৌর এনসিপির আহ্বায়ক মতিউর রহমান নিতাই চন্দ্র বর্মনের উপজেলা এনসিপির সদস্য সচিবের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।