সারাদেশ

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ। ছবি: ঢাকাপ্রকাশ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টাঙ্গাইল জেলা গণঅধিকার দল। 

শনিবার (৩০ আগস্ট) সকাল বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের আশেরপুর এলাকায় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুপুর ১টার দিকে তারা অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে। 

এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের থানার পাশে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

tangail_blockade1_Dhakaprokash.jpg

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সুজন আহমেদ, সাধারণ শামিমুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, এনসিপির জেলা শাখা প্রধান সমন্বয়ক মাসুসুর রহমান রাসেল, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ। 

বক্তারা বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরসহ শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন।