সারাদেশ

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত দুই নারী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু, আহত দুই নারী
নারায়ণগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতক মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় নবজাতকের মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় আব্দুল হকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হলে ফাতেমা, তার মা কুলসুম ও প্রতিবেশী জেসমিন সড়কের ধারে দিয়ে ভুলতা গাউছিয়া দিকে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পাশের একটি দেয়াল ধসে পড়ে তাদের ওপর। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় নবজাতকের। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।

গুরুতর আহত দুই নারীকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পজনিত দেয়াল ধসে এক নবজাতক মারা গেছে এবং দুজন নারী আহত হয়েছেন।