সারাদেশ
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় ও দমকল সূত্র জানায়, মহানগরীর দেওয়ালিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত ঝুটের গোডাউনে প্রথমে ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দমকল বাহিনীর সঙ্গে যোগাযোগ করলে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বাড়লে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, গোডাউনের পাশাপাশি আশপাশের আরও কয়েকটি ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, “৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।”