সারাদেশ

জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আমাদের উপর আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

জনগণের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার, আমাদের উপর আস্থা রাখুন: প্রতিমন্ত্রী টুকু
ছবি: ঢাকাপ্রকাশ

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন- প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনায় আমরা নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বিএনপি সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন।
 
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে অত্যন্ত উদার ভূমিকা পালন করছে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ নেই। সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবেন। দেশের উন্নয়ন ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গতকাল যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে বিএনপি সরকার, যা তাদের অর্থনৈতিক স্বস্তি দেবে। জনগণের কল্যাণের জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেই অনুযায়ী কাজ চলছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রান্তিক কৃষকদের সার, কীটনাশক, ওষুধ ও কৃষি উপকরণ সহজলভ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, চাঁদাবাজমুক্ত, কিশোর গ্যাংমুক্ত ও মাদকমুক্ত টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসন কার্যক্রম শুরু করেছে। আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে আমরা সহায়তা চাই। এমন কোনো সংবাদ পরিবেশন না করার আহ্বান জানাই, যাতে চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়।

এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদের সভাপতিত্বে অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।