সারাদেশ
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
টাঙ্গাইলে ছোরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ছোরমান রেজার বয়স ৪০ বছর। তিনি সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা এবং আবু হানিফের ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ জানায়, মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত পাম্পের সামনে ছোরমান রেজাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
টাঙ্গালের অতিরিক্ত পুলিশ সুপার এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।