সারাদেশ
কিছু দুষ্টু লোক সরকারকে বিব্রত করতে অপতৎপরতার প্রক্রিয়া নিয়েছে: প্রতিমন্ত্রী শরীফুল
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু ব্যক্তি সরকারকে বিব্রত করতে অপকৌশল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। এ বিষয়ে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পূজার কার্যক্রম শুরু হয়েছে। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা এবং অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছর আরও ভালোভাবে পূজা উদযাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শরীফুল আলম বলেন, কিছু দুষ্টু লোক বিভিন্নভাবে সরকারকে বিব্রত করার জন্য নানা ধরনের অপকৌশল ও অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাদক সমস্যা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদক শুধু টাঙ্গাইলের নয়, এটি সারা দেশের জাতীয় সমস্যা। মাদকের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই এ বিষয়ে সচেতন রয়েছেন।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। টাঙ্গাইলে মাদকসংক্রান্ত মামলার সংখ্যা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, তার জানা মতে, অন্য কোনো জেলায় এত মামলা হয়নি।
টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল এবং টাঙ্গাইলের পুলিশ সুপার সামছুল আলম সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।