সারাদেশ

স্বৈরাচার পতনের পর নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:২২ পিএম

স্বৈরাচার পতনের পর নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: শামসুজ্জামান দুদু
শামসুজ্জামান দুদু। ছবি: ঢাকাপ্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চুয়াডাঙ্গা-১ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন, “স্বৈরাচার পতনের পরও দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে। ফ্যাসিস্ট শাসক বিতাড়িত হলেও তার মতাদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে, যা কখনো মেনে নেওয়া হবে না।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সর্বজনীন দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি সনাতন হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, “আপনারা নির্বিঘ্নে দুর্গোৎসব পালন করুন। পুলিশ প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে।”

এ সময় শামসুজ্জামান দুদু আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে গণতন্ত্র ফিরেছিল। সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে উঠবে।”

দুর্গোৎসব পরিদর্শনে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, শহিদুল ইসলাম রতন, অ্যাডভোকেট শামিম রেজা ডালিম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, বুরহান উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু ও সহ-সভাপতি মাগরিবুর রহমান প্রমুখ।