সারাদেশ
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
চুয়াডাঙ্গা সদর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যপণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজ রোড ও মাঝেরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এতে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর, চুয়াডাঙ্গা পৌরসভা, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।
অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি গ্যাস, শিশু খাদ্য ও বেকারী পণ্যের গুণগত মান, পণ্য মোড়কীকরণ এবং আইনি নির্দেশনা প্রতিপালনের বিষয়গুলো যাচাই করা হয়।
অভিযানে নূর এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী মো. আবুল কাসেম)-কে অগ্নিনির্বাপক লাইসেন্স নবায়ন না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, গ্রীন ফুড প্রতিষ্ঠানকে পণ্য মোড়কীকরণ নীতিমালা লঙ্ঘন ও বেকারী পণ্য যথাযথভাবে উৎপাদন ও সংরক্ষণ না করায় আইনটির ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ৬৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তিনি বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভোক্তার অধিকার নিশ্চিতে আমাদের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”