সারাদেশ
চুয়াডাঙ্গায় ফ্যাসিবাদ পতন দিবস উপলক্ষে ১১ দলের গণসমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গায় ফ্যাসিবাদ পতন দিবস উপলক্ষে ১১ দলের উদ্যোগে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় শহরের বড় বাজার মুক্তমঞ্চে এ সমাবেশ হয়।
প্রতিকূল আবহাওয়া ও তীব্র বৃষ্টি উপেক্ষা করে জেলা জামায়াতে ইসলামীসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ছাতা মাথায় দিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন বলেন, বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও পতনের পটভূমি তুলে ধরে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। তার অভিযোগ, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের নামে দীর্ঘসূত্রতা ও নানা ধরনের বিলম্ব করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংগঠনের নেতাকর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানান।
প্রধান বক্তা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বর্তমান সরকার যদি অতীতের ভুল পথ অনুসরণ করে, তবে তাদের পরিণতিও ভিন্ন হবে না। তিনি ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আন্দোলনের শহীদ পরিবার ও সংশ্লিষ্টদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, এবি পার্টির কেন্দ্রীয় ছাত্রপক্ষের সহ-সম্পাদক রাকিব মাহমুদ, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহম্মেদ, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা হাফিজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, আলমডাঙ্গা গাংনী-আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, সদর আমির মাওলানা বেলাল হুসাইন এবং পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানটি জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামানের পরিচালনায় এবং জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।