সারাদেশ

মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, যুবক আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, যুবক আটক
ছবি: সংগৃহীত

মেহেরপুর শহরে সাবেক স্ত্রীসহ একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সায়ন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। হামলায় সাবেক স্ত্রী স্মৃতি আক্তারের ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় স্মৃতির বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনও গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে মল্লিকপাড়া এলাকা থেকে অভিযুক্ত সায়নকে আটক করে পুলিশ।

আহতরা হলেন লর্ড মার্কেট এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেন (৫০), তার স্ত্রী রেবেকা খাতুন (৪২) এবং তাদের মেয়ে স্মৃতি আক্তার (২২)। অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আবু তালেবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন সায়ন। সেখানে স্মৃতি আক্তারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান তিনি। একপর্যায়ে কুপিয়ে স্মৃতির ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেন।

স্মৃতির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে তার বাবা-মা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে সেলিম হোসেন ও রেবেকা খাতুন আহত হন। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সায়ন।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু করে। পরে মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়নকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্মৃতির সঙ্গে সায়নের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের বিয়ে হয় এবং একপর্যায়ে বিচ্ছেদ ঘটে। দাম্পত্য কলহের জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।