সারাদেশ
চুয়াডাঙ্গার জয়রামপুর রেলওয়ে স্টেশন আধুনিকায়নে ৮ দফা দাবিতে মানববন্ধন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী জয়রামপুর রেলওয়ে স্টেশনকে আরও কার্যকর ও আধুনিক করার দাবিতে ৮ দফা দাবি উত্থাপন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
শনিবার, ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে দামুড়হুদা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং জয়রামপুর গ্রামের বাসিন্দারা অংশ নেন।
জয়রামপুর রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্টেশনটির সার্বিক উন্নয়নে দ্রুত ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।
তাদের দাবির মধ্যে রয়েছে, খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেসের জয়রামপুর স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করা, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবল পুনর্বহাল, লুপ লাইন ও টিকিট ব্যবস্থা চালু, প্ল্যাটফর্ম আধুনিকীকরণ এবং স্টেশনের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়ন।
এ ছাড়া ব্রিটিশ আমলে নির্মিত জরাজীর্ণ ও পরিত্যক্ত ঐতিহ্যবাহী স্থাপনার একই নকশায় নতুন হলঘর নির্মাণ, পোড়াদহ থেকে গোয়ালন্দঘাট রুটের শাটল ট্রেন দর্শনা পর্যন্ত সম্প্রসারণ, লোকাল ট্রেনের সংখ্যা ও বগি বৃদ্ধি এবং নতুন ট্রেন সংযোজনের ক্ষেত্রে দর্শনা থেকে চুয়াডাঙ্গা রুটের সব ট্রেনকে জয়রামপুর স্টেশন হয়ে চলাচল ও সেখানে যাত্রাবিরতির আওতায় আনার দাবি জানানো হয়।
মানববন্ধনে চুয়াডাঙ্গা রেলওয়ের অতিরিক্ত প্রকৌশলী সাইদুর রহমান উপস্থিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৮ দফা দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।