সারাদেশ
মেয়ের বাড়িতে বেড়াতে এসে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজারে দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় হাওয়া বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তিনি মেয়ের বাড়ি আলুকদিয়ার আকন্দবাড়িয়া গ্রামে বেড়াতে এসেছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, সকালে রিকশাভ্যান থেকে নেমে হাওয়া বেগম আলুকদিয়া বাজারে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানটি চালকসহ আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালক সুহান আলীকে আটক করে। আটক সুহান আলী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকার লোকমান মোল্লার ছেলে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে।