সারাদেশ
শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা (ভিডিও)
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমান (৮০) তার দীর্ঘদিন পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী স্ত্রী খোশেদা বেগম (৭০) কে বাড়ির উঠানে টেনে নিয়ে যান। তার নাতি মো. খোকন (১৯) এই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা রাতেই ভাইরাল হয়ে যায়।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় ছয় বছর ধরে অসুস্থ অবস্থায় থাকা খোশেদা বেগমের যথাযথ চিকিৎসার ব্যবস্থা না করে স্বামী তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। ঘটনার দিন স্ত্রী বিছানায় মলত্যাগ করলে ক্ষিপ্ত হয়ে স্বামী তাকে কোদাল দিয়ে খোঁড়া গর্তে চাপা দিতে চেষ্টা করেন। এই সময় তাকে লাঠি দিয়ে মারাও হয়েছে বলে জানা গেছে।
এলাকার এক বাসিন্দা হাফিজ বলেন, “খলিলুর মন্দ মানুষ না, তবে বেশি মিশেন না। আগে স্ত্রী সেবা করতেন। আজকের ঘটনাটি খুবই দুঃখজনক।”
পাশের বাড়ির সুজন বলেন, “তারা গরিব। গতকালই স্ত্রীয়ের জন্য একটি চেয়ার কমোড এনেছিলেন। স্ত্রী চোখে কম দেখেন। কথা না শোনায় আজ এমন ঘটনা ঘটেছে। নাতির ফেসবুক ভিডিও পোস্ট করার কারণে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে।”
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ টিম পাঠানো হয়েছে। স্থানীয়রা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করেছেন, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “ভিডিও দেখেছি, ঘটনা মর্মান্তিক। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”