সারাদেশ

শেরপুরে আবাসিক ভবনে অবৈধ ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

শেরপুরে আবাসিক ভবনে অবৈধ ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
ছবি: সংগৃহীত

শেরপুর শহরের একটি আবাসিক ভবনের নিচে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোপালবাড়ী এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী তাপস নন্দী, ‘মেসার্স শিমলা ট্রেডার্স’-এর মালিক। জননিরাপত্তার স্বার্থে আগামী শুক্রবারের মধ্যে মজুতকৃত জ্বালানি ও স্থাপিত ট্যাংক অপসারণের কঠোর নির্দেশ দিয়েছে প্রশাসন।

অভিযান সূত্রে জানা যায়, জনবহুল এলাকায় অবস্থিত একটি বহুতল ভবনের নিচতলায় কোনো পরিবেশগত ছাড়পত্র ছাড়াই প্রায় ২৫ হাজার লিটার ধারণক্ষমতার একটি ট্যাংক স্থাপন করা হয়েছিল। সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করা হচ্ছিল। এ কাজে তাপস নন্দীর সঙ্গে শফিকুল ইসলাম নামের আরেক ব্যক্তি জড়িত ছিলেন বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিষয়টির সত্যতা মিললে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, “নিয়মবহির্ভূতভাবে দাহ্য পদার্থ মজুত করা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনবসতিপূর্ণ এলাকায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।” তিনি দ্রুততম সময়ের মধ্যে তেল ও ট্যাংক অপসারণের নির্দেশ দেন এবং এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানান।

প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্রও যাচাই-বাছাই করা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।