সারাদেশ

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম

রৌমারী সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পারাপারের সময় গুলি ছুড়ে মিস্টার আলী নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।

সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্ত এলাকায় আন্তর্জাতিক ১০৬২–১০৬৩ নম্বর সীমানা পিলারের কাছ থেকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম। আটক যুবক মিস্টার আলী (২৫) উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুস সালামের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে ৮ থেকে ১০ জন বাংলাদেশি চোরাকারবারি সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে কম্বল পাচার করছিলেন। এ সময় ভারতের আসাম রাজ্যের মানকারচর শাহপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা সীমান্ত গেট খুলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মিস্টার আলীকে ধরে বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধীন মোল্লাচর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফখরউদ্দিন গণমাধ্যমকে জানান, তিনি বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছেন। তবে তার দাবি, ঘটনাটি তাদের দায়িত্বপূর্ণ এলাকা থেকে ঘটেনি; ১০৬৩ নম্বর সীমানা পিলার এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়েছে।

অন্যদিকে রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, গুলি ছুড়ে কাউকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হতে বিজিবির টহলরত সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। পাশাপাশি এ ঘটনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি জানান।

ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।